৩ দশক পর ফেনী জিয়া মহিলা কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:৪৫
সভাপতি ও সম্পাদক
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে তিন দশকের বেশি সময় পর ছাত্রদলের কমিটি করা হয়েছে। নবগঠিত কমিটিতে জান্নাতুল মর্জিনাকে সভাপতি ও মিশকাতুল জান্নাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মর্জিনা ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মিশকাতুল এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এ কমিটির অনুমোদন দেন।
সাত সদস্যের কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি তাসনিম তাবাসসুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত নুর ও তাসনিয়া তাবাসসুম এবং সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহা।
সংগঠন সূত্র জানায়, ১৯৯৪ সালে ফ্লোরাকে সভাপতি ও সুমিকে সাধারণ সম্পাদক করে সরকারি জিয়া মহিলা কলেজে ছাত্রদলের কমিটি করা হয়েছিল। তখনকার জেলা সভাপতি ছিলেন শেখ ফরিদ বাহার ও সাধারণ সম্পাদক আতাউল হক অশ্রু। উল্লেখিত নেতৃত্ব সাংসারিক জীবনে ব্যস্ত হয়ে গেলেও পরবর্তী নেতৃত্ব ওই কমিটি পুর্নগঠন করতে পারেনি।
জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বাংলাদেশের খবরকে জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের অপকর্মের কারণে সাধারণ শিক্ষার্থীরা রাজনীতির প্রতি অনীহা চলে আসে। বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক ধারায় সুস্থ রাজনীতির চর্চা করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় ফেনী সরকারি জিয়া মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি করা হচ্ছে।
- এমরান পাটোয়ারী/এএ

