পঞ্চগড়ে কুয়াশার দাপট, হেডলাইট জ্বালিয়ে চলছে যান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৫
ছবি : বাংলাদেশের খবর
শীত জেকে বসেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তার মধ্যে দুদিন ধরে কুয়াশার আবরণে ঢাকা পড়েছে জেলার প্রকৃতি। ভোর থেকে জেলার সড়কগুলোর বিভিন্ন যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে । শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছে হতদরিদ্রসহ নিম্নআয়ের মানুষ।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকেই দেখা যায়, ঘন কুয়াশার আবরণের ঢাকা উত্তরের এ জেলা। শহরের ও গ্রামের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চালাতে দেখা গেছে বিভিন্ন যানবাহন।

শুক্রবার (৭ ডিসেম্বর) দিনভর ছিল হালকা কুয়াশা মোড়ানো প্রকৃতি। সূর্যের রোদ ছড়ালেও ছিল না উষ্ণতা। বিকেল পর্যন্ত বইছিল উত্তরের হিমেল হাওয়া। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীত। শীত বাড়ার সাথে সাথে বৃদ্ধ ও শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েছেন পরিবারের সদস্যরা। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পুরনো কাপড়ের দোকানে বেশ ভিড় বেড়েছে।
এ ছাড়াও শীত নিবারনের জন্য বেশকিছু এলাকায় পুরনো কাপড়, কাগজ ও খড়কুটো জ্বালাতে দেখা যায় নিম্নআয়ের মানুষদের। কুয়াশার মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘ঘন কুয়াশা পড়েছে। তবে তাপমাত্রা নিচের দিকে নামেনি। ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা উঠানামা করছে। সামনে তাপমাত্রা কমবে।’
এসকে দোয়েল/এমজে

