Logo

সারাদেশ

মোংলায় জাহাজে ডাকাতি

৬ মাস ধরে বেতন নেই, মালামাল লুটে ডাকাত ভাড়া করলেন ক্ষুব্ধ নাবিক

চীফ ইঞ্জিনিয়ারসহ আটক ৩

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৭:৪১

অ
৬ মাস ধরে বেতন নেই, মালামাল লুটে ডাকাত ভাড়া করলেন ক্ষুব্ধ নাবিক

ছবি : বাংলাদেশের খবর

মোংলা সমুদ্র বন্দরের চ্যানেলে নোঙর করা বাণিজ্যিক জাহাজ এমভি সেজুঁতি থেকে ডাকাতির মালামালের একাংশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জাহাজটির চীফ ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হকসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটক বাকি দুজন হলেন পেশাদার ডাকাত সুমন হাওলাদার (২১) এবং ডাকাতি করা মালামালের ক্রেতা মো. সুমন হোসেন (৩০)।

বুধবার (২৮ মে) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং, ব্যাটারি, চার্জার, স্পেয়ার পার্টস ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।

জানা যায়, এমভি সেজুঁতির অধিকাংশ নাবিক গত ৬-৭ মাস ধরে নিয়মিত বেতন পাচ্ছেন না। ফলে মালিকপক্ষের প্রতি চরম অসন্তোষ বিরাজ করছিল তাদের মধ্যে।

এই ক্ষোভকে কাজে লাগিয়ে জাহাজের চীফ ইঞ্জিনিয়ার সিরাজুল হক স্থানীয় দুষ্কৃতকারীদের সঙ্গে হাত মিলিয়ে ডাকাতির পরিকল্পনা করেন। জাহাজে দীর্ঘদিন ধরে পড়ে থাকা যন্ত্রাংশ লোপাট করে বিক্রির মাধ্যমে লাভ ভাগাভাগির ছক আকেন।

আবরার হাসান বলেন, ‘জাহাজ কর্তৃপক্ষের অবহেলা ও আর্থিক দুরবস্থার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটে। আমরা উদ্ধারকৃত মালামাল জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছি এবং আটক তিনজনকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় জাহাজের অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততা খতিয়ে দেখতে আরও তদন্ত প্রয়োজন। পাশাপাশি জাহাজ মালিক কর্তৃক দীর্ঘদিন বেতন না দেওয়া এবং জাহাজটি চ্যানেলে ফেলে রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।’

শেখ আবু তালেব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন