Logo

সারাদেশ

‘আমি বাবার বুকে মাথা গুঁজে কাঁদতে চাই’

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৬:৪৩

অ
‘আমি বাবার বুকে মাথা গুঁজে কাঁদতে চাই’

‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত মানববন্ধন।

‘বাবাকে ৮ বছর ধরে দেখিনি। আমি বাবার বুকে মাথা গুঁজে কাঁদতে চাই।’ -এভাবেই নিজের গুম হওয়া বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাজশাহী কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে ‘গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গুম হওয়া বাবার কথা বলতে গিয়ে সাইফুল ইসলাম সাগর বলেন, বাবাকে ৮ বছর ধরে দেখিনি। আমি বাবার বুকে মাথা গুঁজে কাঁদতে চাই। আমি রাতে ঘুমাতে পারি না। স্বপ্নে তিনি বারবার আসেন এবং ডাকেন- ‘আমাকে খুঁজে নিয়ে আসবি না?’ আমি এমন স্বপ্নই দেখি।

এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, আমাদের বাবা বা স্বামী জীবিত না মৃত- আমরা পিতৃহারা, নাকি বিধবা না সধবা-এর নিশ্চয়তা চাই।

মানববন্ধনে ‘অধিকার’-এর রাজশাহী অঞ্চলের সমন্বয়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মঈন উদ্দিন ‘অধিকার’-এর পক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবিসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো : 

১. গুমের শিকার যারা এখনও ফেরত আসেননি, তাদের ভাগ্যে কী ঘটেছে, তা জনগণকে জানাতে হবে;

২. তাদের পরিবার যেন গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও ভোগের আইনি অধিকার পায়, সে ব্যবস্থা করতে হবে;

৩. গুমের পর কিছু ব্যক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং পরে তাদের সন্ধান মিলেছে। এখনো কেউ ভারতে আছেন কি না, তা জানতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ স্থাপন করতে হবে;

৪. যেসব ব্যক্তি গুমের পর ফিরে এসেছেন, তাদের অনেকে মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছেন। কারও কারও বিরুদ্ধে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে;

৫. গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে বিচার করতে হবে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন