সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া সিলেটের বিছানাকান্দি সীমান্ত থেকে মাদক চোরাকারবারি দুজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিভিন্ন সময়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা এসব অভিযান পরিচলনা করেন।
আটক চোরাকারবারিরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন (২৭) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী (২৩)।
বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের একটি টিম শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকার বাদেশ্বর থেকে দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ৫ বোতল মদ ও মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজন অপরাধের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত বলে স্বীকার করেছেন। আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, সোনালীচেলা, দমদমিয়া, কালাইরাগ, শ্রীপুর, উৎমা, কালাসাদেক, প্রতাপপুর, সংগ্রাম, বিছনাকান্দি, ডিবিরহাওড় বিওপির জোয়ানরা রোববার (৮ ডিসেম্বর) পৃথক সময়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু ও ফেন্সিডিল এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছ জব্দ করে।
এ সময় চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরাধে অভিযান অব্যাহত থাকবে।
রেজাউল হক ডালিম/এমজে

