Logo

সারাদেশ

কিশোরগঞ্জে আলু থেকে আয় হবে ৮০০ কোটি

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:২২

অ
কিশোরগঞ্জে আলু থেকে আয় হবে ৮০০ কোটি

‘ভাগ্য বদলের’ ফসল বলা হয় আলুকে। আগাম আলু চাষের আঁতুড়ঘর খ্যাত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা এ বছর স্থানীয় ‘সেভেন’ জাতের আলু চাষে বাজিমাত করেছেন। চাষিরা ভালো দামও পাচ্ছেন আলু বিক্রি করে। এ উপজেলায় আলু বিক্রি করে ৮০০ কোটি টাকা আয় হবে বলে জানিয়েছে কিশোরগঞ্জ কৃষি অফিস।

ফলন ও দামে হাসি ফুটেছে কৃষকের মুখে। দুই মাস ব্যবধানে বিঘায় ৬০ থেকে ৬৫ হাজার টাকা লাভ করে কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন। ফলে এ বছর আলু বিক্রি করে ৮০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখা দিয়েছে কৃষকদের। এতে শুধু আলুতেই কৃষকদের আয় হবে সাড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা।    

জানা গেছে, শীতকালীন ফসল আলু দেশের প্রথম উত্তোলন হয় এ এলাকায়। আগাম আলুর আঁতুড়ঘর খ্যাত কিশোরগঞ্জে ৫৫ দিনে আলু উত্তোলন হয়। যা দেশের অন্য কোনো এলাকায় হয় না। এতে বিঘা প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হয় কৃষকের। অন্য কোনো ফসলে এত লাভের মুখ দেখতে পান না। তাই এ ফসলকে ভাগ্য বদলের ফসলও বলা হয়। ‘সেভেন’ জাতের আলু চাষে গত বছর কৃষকরা লাভের মুখ দেখায় এ বছরও কোমর বেঁধে বাজিমাতের স্বপ্নে ‘সেভেন’ জাতের আলু চাষ করেন। 

প্রতি বছর নভেম্বর মাসের শুরুর দিকে আলু রোপণ হলেও এবার অক্টোবর মাসের শুরু হতেই আলু রোপণ করেন কৃষকরা। এ বছর ২০ নভেম্বর কৃষকরা আলু উত্তোলন শুরু করেছেন। দাম পেয়েছেন ৯০ টাকা কেজি দরে। অন্যদিকে শনিবার (৭ ডিসেম্বর) প্রায় ১ মাস পরও আলু তুলে ফসলের মাঠেই বিক্রি করছে ৭২ থেকে ৭৩ টাকা কেজি দরে। ফলে বিঘায় কৃষকরা লাভবান হচ্ছেন ৬০ থেকে ৬৩ হাজার টাকা। 

এ বছর কৃষি বিভাগ উপজেলায় ৬ হাজার ৭৮০ হেক্টর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ৫৫ হাজার ৮২২ বিঘা। এতে গড় ৬০ হাজার টাকা করে বিঘায় লাভ করলে এ এলাকার কৃষকরা শুধুমাত্র আলু থেকে এ বছর আয়ের টাকা ঘরে ঢুকাবে ৩৩৫ কোটি টাকা। যা রেকর্ড। অন্যদিকে এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৬০ হাজার মেট্রিক টন আলু। ফলে  উৎপাদন খরচ ও আয়সহ এ উপজেলার কৃষকদের ৮ শত কোটি টাকার আলু বিক্রির অপার সম্ভাবনা দেখা দিয়েছে।  

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত বছর উপজেলায় ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছিল। ফলে এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ৭৮০ হেক্টর। যা গত বছরের তুলনায় ১৮০ হেক্টর জমি বেশি। গত বছর আগাম আলু চাষ করে কৃষকরা বিঘা প্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভের মুখ দেখায় এ বছর লক্ষ্যমাত্রা বেশি হয়েছে। 

এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা স্থানীয় ‘সেভেন’ জাতের আগাম আলু চাষ করেছেন। যা বপনের ৫৫ থেকে ৬০ দিন বয়সে উত্তোলন করা যায়। ৫৫ থেকে ৬০ দিনে এ ফসলে কৃষকরা যা লাভ করেন অন্য কোনো ফসলে তা হয় না। এ বছরও ৫৫ দিনে আলু উত্তোলন শুরু হয়েছে। প্রথমের দিকে ৯০ টাকা দরে কেজি বিক্রি করলেও ফলন কম ছিল। বর্তমানে ফলন ও দাম বেশি পাচ্ছেন কৃষকরা। 

কিশোরগঞ্জ ইউনিয়নের ইসমাইল গ্রামের আলুচাষি আরজু বলেন, ‘আগাম ধান কেটে আগাম আলু বপন করেছিলাম। এ বছর সাড়ে ৮ বিঘা জমিতে আগাম আলু চাষ করেছি। এতে আলু বীজ, সার, কীটনাশক, শ্রমিকসহ মোট খরচ হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। ইতোমধ্যে ৪ বিঘা জমির আলু উত্তোলন করে ৪ লাখ ৩৬ হাজার টাকা আলু বিক্রি করেছি। বাকি সাড়ে ৪ বিঘা জমির আলু ৫ লাখ টাকা বিক্রির আশা করছি। আমার সাড়ে ৮ বিঘা জমির আলু বিক্রি হবে প্রায় সাড়ে ৯ লাখ টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে ৫ লাখ টাকা লাভের আশা করছি।’

বাহাগিলী ইউনিয়নের আলুচাষি দেলোয়ার হোসেন দুলাল বলেন, ‘এ অঞ্চলের জমিগুলো একদম উঁচু এবং বালু মিশ্রিত। ভারি বৃষ্টিপাত হলেও তেমন কোনো ভয় থাকে না। তাই সেভেন জাতের আগাম আলু দ্বিগুণ লাভের আশায় বপন করেছিলাম। এ বছর ১৫ বিঘা জমি চাষ করেছি। ১৫ বিঘা জমির আলু উত্তোলন করে উৎপাদন হয়েছে ৩৭৫ বস্তা আলু।’

তিনি আরও বলেন, ‘কেজিতে হয়েছে ২৪ হাজার ৫০০ কেজি। কেজি প্রতি ৭২ টাকা দরে বিক্রি করে  ১৭ লাখ ৫৫ হাজার টাকা ঘরে ঢুকেছে। খরচ বাদ দিয়ে লাভ হয়েছে সাড়ে ৯ লাখ টাকা।’

একই এলাকার আলুচাষি নিলু বিডিআর বলেন, ‘আমি ৮ বিঘা জমিতে সেভেন জাতের আলু রোপণ করেছি। উত্তোলন শুরু করে ফসলের মাঠেই বিক্রি করে বিঘা প্রতি ৬৩ হাজার টাকা লাভ করেছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, ‘দেশের প্রথম আলু উত্তোলন করে এ এলাকার কৃষকরা। এ এলাকার আলু বাজারে প্রথম আসায় কৃষকরা বেশ দাম পায়। ফলে এখানকার কৃষকদের ভাগ্য বদলের ফসলে পরিণত হয়েছে আলু।’

তিনি বলেন, ‘এ বছর কিশোরগঞ্জ উপজেলায় ৬ হাজার ৭৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নভেম্বর মাসের ২০ তারিখ থেকে নতুন আলু উত্তোলন শুরু হয়েছে। যা ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। অন্যদিকে প্রায় ১ মাস পর শনিবার ফসলের মাঠেই ৭২ টাকা দরে কেজি বিক্রি করে কৃষকরা বেশ লাভের মুখ দেখছে।’

তিনি আরও বলেন, ‘ফসলের মাঠগুলো আলু উত্তোলনের উৎসবের মাঠে পরিণত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। যা বাজার দর অনুযায়ী কৃষকরা ৮০০ কোটি টাকার আলু বিক্রি করবে।’

আবু হাসান শেখ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন