হবিগঞ্জের বাহুবলে টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে ছয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা সংঘর্ষ চলে ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায়। এ সময় উভয়পক্ষের বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের কারণে ঢাকা সিলেট-মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়, উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে টমটম অটোরিকশার ভাড়া ৫ টাকা বেশি নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কবিরপুর গ্রামের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হন।
এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় সড়কের দু’পাশে আটক পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আড়াই ঘণ্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘টমটম অটোরিকশা ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এমজে

