ফরিদগঞ্জে তিন যুবদল কর্মী হত্যা, ১১ বছর পর মামলা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫
ছবি : প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে জাহাঙ্গীর বেপারী, আরিফ হোসেন ও বাবুল ভুঁইয়া নামে যুবদলের ৩ কর্মী হত্যার ঘটনায় ১১ বছর পর ৩৩৫ জনকে নামীয় আসামি করে আদালতে মামলা করা হয়েছে। মামলায় ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে নিহত যুবদল কর্মী আরিফ হোসেনের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ আমলী আদালতে মামলাটি করেন।
ওই রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মো. আবুল খায়ের স্বপন।
মামলায় আসামি যারা- ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু ছায়েদ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. রফিকুল ইসলাম কাজল, পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক, মো. মাসুদ হোসেন ভুঞা (কিলার মাসুদ), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. অহিদুর রহমান অহিদ, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আকবর হোসেন মনিরসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জানা গেছে, ২০১৩ সালের শুক্রবার (২৫ অক্টোবর) তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের আহ্বানে ডাকা মিছিল-সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন যুবদল কর্মী জাহাঙ্গীর বেপারী, আরিফ হোসেন ও বাবুল ভুঁইয়া। এই ঘটনায় ওইদিন অনেকেই আহত হন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালের ২৫ অক্টোবর বিকেল ৪টায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে আসামিদের নির্দেশে তৎকালীন থানা পুলিশের সহযোগিতায় নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। হামলায় ৩ জন নিহত, অনেক নেতাকর্মী গুরুতর আহত এবং কেউ কেউ পঙ্গুত্ববরণ করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে ওই সময়ে মামলা করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের পাল্টা মামলার কারণে তাদের মামলাগুলোর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি।
মামলার আইনজীবী মো. আবুল খায়ের স্বপন বলেন, ‘মামলাটি আদালত আমলে নেয়ার পর তৎকালীন সময়ে ফরিদগঞ্জ থানায় যে অপমৃত্যু মামলা হয়েছে ওই মামলার অগ্রগতি সম্পর্কে আদালত প্রতিবেদন দেওয়ার জন্য থানাকে নির্দেশ দেন। ওই প্রতিবেদন পাওয়ার পরে মামলাটির পরবর্তী নির্দেশনা আসবে।’
আলআমিন ভুঁইয়া/এমআই

