অবরোধ শেষে প্রথম দিন
কুয়াকাটায় জেলের জালে ৪৩ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৬:১২
ছবি : বাংলাদেশের খবর
সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই প্রথম দিনেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়েছেন জেলেরা। কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে ইউনুস মিয়া নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের ‘আবদুল্লাহ ফিস’-এ মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়।
ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে ‘এফবি তামান্না’ নামের ট্রলারটি ১৯ জন জেলেসহ গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দেয়। পায়রা বন্দরসংলগ্ন এলাকায় জাল ফেলতেই এসব ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিন পর এমন মাছ পেয়ে সবাই খুশি।
ট্রলারের মালিক ইউসুফ (কোম্পানি) হাওলাদার বলেন, ‘ধার-দেনা করে ট্রলার পাঠিয়েছিলাম। মাছ না পেলে বড় লোকসানে পড়তে হতো। শুরুতেই এত মাছ ধরা পড়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এবার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালিত হওয়ায় সাগরে মাছের প্রজনন ভালো হয়েছে। তাই মাছও ধরা পড়ছে বেশি। আশা করছি, এবারের মৌসুমে জেলেরা বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।’
জাকারিয়া জাহিদ/এআরএস

