রিকশা বনাম অটোরিকশা
বরিশালের সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২০:৪১
ছবি : বাংলাদেশের খবর
বরিশাল নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন প্যাডেলচালিত রিকশা শ্রমিকরা।
সোমবার (২৩ জুন) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে প্যাডেলচালিত রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শহরের ব্যস্ত সড়কগুলোতে অবাধে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এতে করে লাইসেন্সপ্রাপ্ত প্যাডেলচালিত রিকশাচালকরা বিপাকে পড়ছেন।
ইউনিয়নের সভাপতি মো. ধলু মিয়া বলেন, ‘সদর রোড, লাইন রোড, কাটপট্টি, গির্জামহল্লা, চকবাজার ও কাকলি মোড়সহ নগরীর ব্যস্ততম সড়কগুলোতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ করতে হবে।’
সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, ‘এই যানবাহনের কারণে যানজট ও দুর্ঘটনা বেড়েছে। অন্য শহরে নিষিদ্ধ হলেও বরিশালে সংখ্যা বাড়ছে।’
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে পাঁচটি সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ না করা হলে কঠোর আন্দোলনে নামা হবে।’
জেআই জুয়েল/এআরএস

