নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন : সভাপতি মাসুদ, সম্পাদক পন্টি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৯:২৪
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের (২০২৫–২০২৭) কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ জুন) ক্লাব ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সাধারণ সভা।
এবারের নির্বাচনে আবু সাউদ মাসুদ (আমার দেশ) সভাপতি ও আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন) সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন। তাদের প্যানেল পূর্ণাঙ্গভাবে নির্বাচিত হয়েছে।
মোট ৭৯ ভোটারের মধ্যে ৭৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাউদ মাসুদ (৪৩ ভোট), সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি (৫২), সহসভাপতি বিল্লাল হোসেন রবিন (৪৪), যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন (৫৭), কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল (৫৩) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন (৫৫)। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম জীবন (৬৭), আরিফ আলম দীপু (৫০), আব্দুস সালাম (৪৪), এ কে এম মাহফুজুর রহমান (৪৩) ও প্রণব কৃষ্ণ রায় (৪২)।
নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এ.এইচ.এম সাজ্জাদ হোসেন, এনএসআই ও ডিজিএফআই কর্মকর্তারা।
নবনির্বাচিত সভাপতি মাসুদ বলেন, ‘এই জয় ক্লাবের সকল সদস্যের। আমরা ঐক্যের ডাক দিয়েছিলাম, সবাই সাড়া দিয়েছেন।’ সাধারণ সম্পাদক পন্টি জানান, ‘ভোটাররা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, তার মর্যাদা আমরা রক্ষা করব।’
নির্বাচন কমিশনে সদস্য ছিলেন মোহাম্মদ মাসুদুজ্জামান ও অ্যাডভোকেট নবী হোসেন।
এআরএস

