চাঁদপুরে যৌথ অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:২৮
চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ-ইয়াবা উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলার বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১২৬ পিস বিদেশি মদ উদ্ধার করা হলেও অভিযানের আগাম খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
অন্যদিকে একই রাতে সদর উপজেলার জাফরাবাদ এলাকা থেকে অভিযান চালিয়ে মো. মাসুদ গাজী (৩৮) ও মো. শামীম হোসেন (৩৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭ পিস ইয়াবা ট্যাবলেট।
এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় পরিচালিত অপর অভিযানে মোখলেছুর রহমান (৩২) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
- আলআমিন ভূঁইয়া/এটিআর

