Logo

সারাদেশ

আমতলীতে ব্যবসায়ী তনয়ের আত্মহত্যা প্ররোচনার ঘটনায় মানববন্ধন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৫

অ
আমতলীতে ব্যবসায়ী তনয়ের আত্মহত্যা প্ররোচনার ঘটনায় মানববন্ধন

ছবি : প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় ব্যবসায়ী নিয়াজ মোরশেদ তনয়ের আত্মহত্যা প্ররোচনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সহস্রাধিক মানুষের উপস্থিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আত্মহত্যার প্ররোচনায় জড়িত সবাইকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।’

জানা গেছে, ছয় বছর আগে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের ব্যবসায়ী আলহাজ নান্নু মোল্লার ছেলে নিয়াজ মোরশেদ তনয়ের সঙ্গে চাওড়া চলাভাঙ্গা গ্রামের ব্যবসায়ী ফারুক গাজীর মেয়ে ফারিয়া জান্নাতি মীমের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর তনয় জানতে পারেন, তার স্ত্রী মীমের আরও একটি বিয়ে হয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 

পরে মীম তারেক হাসান বাহাদুর নামের এক যুবকের সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকেন। এছাড়া টিকটক ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছিলেন। এসব ঘটনায় তনয় ক্ষুব্ধ হয়ে গত ২৪ সেপ্টেম্বর মীমকে তালাক দেন। 

তালাকের পর মীম স্বামী তনয়ের বিরুদ্ধে ১৭ অক্টোবর বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক মামলা দায়ের করেন। একই দিনে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। এরপর তনয় ১১ দিন জেলহাজতে ছিলেন। এই মামলা এবং পরবর্তী ঘটনাগুলো সামাজিক-পারিবারিক সমস্যা সৃষ্টি করে, যেখানে মীম ও তার সাঙ্গপাঙ্গরা তনয়কে নানাভাবে বুলিং করছিলেন। এতে তনয় মানসিকভাবে ভেঙে পড়ে গত ২৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বিষপান করেন। পরে ৩০ নভেম্বর ঢাকা শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় তনয়ের বড় বোন তানিয়া আক্তার গত ৫ ডিসেম্বর মীমকে প্রধান আসামি করে ১২ জনের নামে থানায় মামলা দায়ের করেন। পরে ওই রাতেই মীমের ভাই খালিদ গাজী গ্রেপ্তার হন। 

মামলার বাদী তানিয়া আক্তার বলেন, ‘আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার মেয়েকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে।’

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, ‘মোরশেদ তনয়কে আত্মহত্যার জন্য প্ররোচিত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।’

এটিআর/




Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন