Logo

সারাদেশ

এসএসসিতে ফেল

ঠাকুরগাঁওয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা, আরেকজন হাসপাতালে

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৯:৩৬

ঠাকুরগাঁওয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা, আরেকজন হাসপাতালে

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছে দুই শিক্ষার্থী। এর মধ্যে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আরেকজন বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ও দুওসুও ইউনিয়নে এই দুটি ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মিতু আক্তার রেশি (১৬) বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং উপজেলার দোগাছি ক্ষিরাপুকুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ফলাফল ঘোষণার পর মিতু নিজ ঘরে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা দরজা ভেঙে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিতুর বাবা রুহুল আমিন বলেন, ‘ফল প্রকাশের আগের দিন মেয়েকে বলেছিলাম, কোনো সমস্যা হলে চিন্তা কোরো না। সে নিজেই বলেছিল, ‘বাবা চিন্তা কইরো না’। আমরা ভাবিনি এমন কিছু করবে।’

অপরদিকে, আরেক শিক্ষার্থী আরমিনা আক্তার ফলাফল খারাপ হওয়ায় মায়ের বকাঝকায় ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা তরল বিষ পান করে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসক ডা. আহাদুজ্জামান জানান, ‘আরমিনাকে দ্রুত ওয়াশ করে বিষমুক্ত করা হয়েছে এবং ভর্তি রাখা হয়েছে।’

দুই শিক্ষার্থীই চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। মিতু বিজ্ঞান বিভাগের এবং আরমিনা মানবিক বিভাগের ছাত্রী।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, ‘দুটি ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিভাবকদের সন্তানের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়েছে।’

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন