Logo

সারাদেশ

কার্যক্রম শেষ হলে কুমিল্লা নামেই বিভাগ : আসিফ মাহমুদ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২১:০৮

অ
কার্যক্রম শেষ হলে কুমিল্লা নামেই বিভাগ : আসিফ মাহমুদ

কার্যক্রম শেষ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লার কোটবাড়ীর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি উচ্চপর্যায়ে কথা বলেছি। তবে বিভাগ বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত আছে। সেগুলোর কার্যক্রম শেষ হলে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হবে।’

ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে ভারতের সঙ্গে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ছিল। সেই অবস্থান থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার সরে এসেছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক চলমান থাকবে। তবে জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে আমরা বিশ্বাস করি না।’ 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো চালানো কঠিন হয়ে পড়ছে। এখন কর্মকর্তারা স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোয় দায়িত্ব পালন করছেন। এতে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। এরপরও তাঁরা মানুষের সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যানও বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন জরুরি। তবে এখানে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে। এটা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তিনি এ নিয়ে কথা বলবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম শেষ করলে তাঁরা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাববেন।’

কুমিল্লা বার্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমি এরই মধ্যে বার্ডের বিভিন্ন বিষয়ে জেনেছি। এসব বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে শুনেছি। তদন্ত প্রতিবেদন এখনো আমার কাছে আসেনি। প্রতিবেদনে কারও অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সামনে উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন