তারেক রহমানকে নিয়ে ‘কটুক্তি’র প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:৫৩
ছবি : বাংলাদেশের খবর
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশ হয়। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় নেতা ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, ‘বগুড়া শহীদ জিয়ার মাটি, বিএনপির ঘাঁটি। বিএনপিকে বাদ দিয়ে এখানে কিছু হবে না।’ তারা তারেক রহমানকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন দাবি করেন।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা ইয়াকুব স্কুল মোড়, সাতমাথা, বড়গোলা হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জুয়েল হাসান/এআরএস

