চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা, আহত অন্তত ১০
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ২০:৩০
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির নেতারা। এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কচুয়া উপজেলা বিএনপির সদস্য-সচিব মঞ্জুর আহমেদ সেলিম অভিযোগ করে বলেন, ‘বিএনপির সাবেক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা অতর্কিতভাবে এ হামলা করেন। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও সমাবেশে কোনো বিএনপি সমর্থকরা হামলা করতে পারেন না। তারা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপথগামী।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫-২০ জনের একদল দূর্বৃত্ত লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ টহল অব্যাহত রেখেছে।
আলআমিন ভূঁইয়া/এএ

