Logo

সারাদেশ

সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯

অ
সরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ আহমেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এতে মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন। 

নিহত নাহিদ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্ব পাড়া এলাকার ফুলু মিয়ার ছেলে। আর আহতারা হলেন, একই ইউনিয়নের উত্তর কুট্টাপাড়ার সফর আলীর ছেলে জুনায়েদ মিয়া এবং সৈয়দটুলা খাঁ বাড়ির ইদন মিয়ার ছেলে আলাল মিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ১৩ দিন আগে নাহিদ পুত্র সন্তানের বাবা হয়েছেন নিহত নাহিদ। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবাজপুর থেকে মোটরসাইকেলে করে তারা তিন বন্ধু সরাইল সদরের দিকে ফিরছিলেন। এসময় ইসমালবাদ (গোগত) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। 

পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক জেলা সদরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাদের অবস্থা খারাপ দেখে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

রিমন খান/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন