সিলেটে জেঁকে বসেছে শীত, দুর্ভোগে সীমান্তবর্তীরা
তানজিনা আঁখি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৩
ছবি : সংগৃহীত
পৌষের দেখা মেলেনি এখনো, তবু কনকনে শীতে কাঁপছে সিলেট। গত কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে ওঠানামা করছে। ফলে শীতের দাপটে জুবুথুবু দিন পার করছেন জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের মানুষজন।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন বৃহৎ এ অঞ্চলটির শ্রমজীবী ও খেটে খাওয়ারা। বিশেষ করে জাফলং, বিছনাকান্দি, শ্রীপুর, জৈন্তাপুর ও সুরাইঘাটের শ্রমজীবীরা কাজে বের হতে পারছে না। অনেক জায়গায় সকাল ৮টার পরও সূর্যের দেখা মিলছে না। আবার সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট। রাতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এ অবস্থায় অসুস্থতা বাড়ছে বয়স্ক ও শিশুদের।
গোয়াইনঘাটের কোওরবাজার এলাকার সিএনজিচালক কবির আহমেদ বলেন, ‘ঘনকুয়াশার কারণে রাতে গাড়ি চালানো যাচ্ছে না। রাস্তা-ঘাট ঠিকমতো দেখা যায় না। দুর্ঘটনার শঙ্কা বেশি থাকায় গাড়ি বন্ধ রেখেছি।’
জৈন্তাপুরের অটোরিকশাচালক সাজু আহমেদ বলেন, ‘কনকনে শীতে রিকশার হাতলে হাত রাখা যায় না। হাত-পা নিস্তেজ হয়ে যায়। খুব কষ্টে রিকশা চালাচ্ছি। রাস্তায় যাত্রী কম থাকায় ইনকাম হচ্ছে না। একদিনের খরচের টাকাও হচ্ছে না।’
সুরাইঘাটের শ্রমিক মইন আলী বলেন, ‘প্রচণ্ড শীতে সকালে ঘর থেকে বের হওয়া যায় না। ঘনকুয়াশায় রাস্তা-ঘাট কিছুই দেখা যায় না। গত তিনদিন ধরে তাই কাজে যেতে পারছি না। পরিবারের শিশুরাও বেশ অসুস্থ হয়ে পড়েছেন।’
এদিকে শুক্রবার (১৩ডিসেম্বর) এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায়ও সিলেটে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে রাতে কনকনে শীত আরও বাড়বে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এটিআর/

