খুলনায় সবজির দাম কমলেও অস্বস্তি মাছ-মাংসে
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫:০২
ছবি : বাংলাদেশের খবর
খুলনায় শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। তবে মাছ ও মাংসের দাম এখনও স্থিতিশীল রয়েছে, যা ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু ৭০ টাকা, পুরাতন আলু ৭৫ টাকা, দেশি পেঁয়াজ ৮০-১০০ টাকা, ফুলকপি ৪০-৪৫ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শীতকালীন শিম ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, টমেটো ১০০ টাকা, ঝিঙে ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং শাকসবজি ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে মাছের দাম এখনো বেশি। পাঙ্গাস ১৩০-১৪০ টাকা, ফাইসা ২৬০-৩০০ টাকা, তেলাপিয়া ১৮০-২০০ টাকা, রুই ২০০-২৪০ টাকা, কাতলা ২২০-৩০০ টাকা, ট্যাংরা ৪০০-৫০০ টাকা, ইলিশ ৪৫০-৬৫০ টাকা এবং চাষের কৈ ১৮০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৬৮০-৭০০ টাকা এবং খাসির মাংস ৯৫০-১১০০ টাকা করে বিক্রি হচ্ছে।
গল্লামারি বাজারে নিয়মিত আসেন গৃহবধূ সাদিয়া। তিনি বলেন, ‘গত এক সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে। ফুলকপি, শিম, সবজি সবকিছুই এখন ৪০-৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।’
গরুর মাংস কিনতে আসা সোহেল বলেন, ‘৬৫০ টাকা দাম নির্ধারণ করে দিলেও ৭০০ টাকায় কিনতে হচ্ছে তা। ছেলে বাহানা ধরেছে, তাই একটু কষ্ট হলেও কিনতে হয়েছে।’
সবজিবিক্রেতা মো. নুরে আলম জানান, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। ‘গত ১০-১৫ দিনে সবজির দাম অর্ধেক হয়েছে’- যোগ করেন তিনি।
মাছবিক্রেতা শহীদ জানান, ‘যদি দক্ষিণ থেকে বেশি মাছ খুলনায় আসে, তবে মাছের দাম কমতে পারে। বর্তমানে মাছের সরবরাহ কম হওয়ায় দাম বেশি।’
ডিআর/এটিআর

