দেশে প্রথমবার কক্সবাজার রেল স্টেশনে লাগেজ স্ক্যানিং চালু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৯:১৫
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজার রেল স্টেশনে যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের মাধ্যমে তল্লাশি শুরু হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার বসানো হয় স্টেশনের প্রবেশপথে। এটি দেশের রেলপথে প্রথমবারের মতো এমন যন্ত্র স্থাপন।
স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে স্ক্যানার চালু করা হয়েছে। ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে প্রবেশ করতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে স্ক্যানিং প্রক্রিয়ায় সময়মতো ট্রেনে ওঠা নিশ্চিত হয়।
প্রথম দিন দেখা গেছে, যাত্রীদের ব্যাগ স্ক্যানারের মধ্যে দিয়ে নিতে হচ্ছে। সন্দেহজনক বস্তু শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ব্যাগ খুলে তল্লাশি চালানো হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।
স্টেশন মাস্টার জানান, স্ক্যানারে ওষুধ, মাদক, অস্ত্র ও চোরাচালান পণ্য শনাক্ত করার সক্ষমতা রয়েছে। নির্দিষ্ট সংকেত দেখলেই ব্যাগ তল্লাশি করা হচ্ছে। যাত্রীদের যেন অপ্রয়োজনীয় বিড়ম্বনায় না পড়েন, সে দিকেও নজর রাখা হচ্ছে।
যাত্রী রোকন আহমেদ বলেন, ‘নিরাপত্তার জন্য ভালো উদ্যোগ। তবে অহেতুক হয়রানি যেন না হয়, সেটাও দেখতে হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-ঢাকা ও কক্সবাজার-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

