স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:১৪
স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। ছবি : বাংলাদেশের খবর
সারাদেশের সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি পালন করে তারা। অবরোধের কারণে রাজধানীসহ দক্ষিণাঞ্চলের অন্তত ছয় জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা মহাসড়কের ওপর জুমার নামাজ আদায় করেন। যেখানে আন্দোলনকারীদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয় নাগরিকরাও অংশগ্রহণ করেন।
আন্দোলনকারীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোতে একটি শক্তিশালী সিন্ডিকেট চিকিৎসা সেবাকে অকার্যকর করে তুলেছে। ফলে সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না।
তারা আরও বলেন, ১২ দিন ধরে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা বা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেন।
এমবি

