বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ
বয়স্ক ভাতা ও ঘর পেলেন শতবর্ষী সেই সহিতন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৩
সম্প্রতি ‘১০৬ বছর বয়সেও ভাতা পাননি সহিতন বেওয়া’ শিরোনামে বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ টাঙ্গাইলের ধনবাড়ীতে সেই ভিক্ষুক বিধবা সহিতন বেওয়া পেয়েছেন বয়স্ক ভাতা ও নতুন ঘরসহ বিভিন্ন সামগ্রী।
সহিতন বেওয়া ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রী হরিপুর বাড়ই পাড়া গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী। ২৫-৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকেই ভিক্ষা করে সংসার চলাতেন তিনি। তিন ছেলে ও দুই মেয়ে থাকলেও তাদের আর্থিক স্বচ্ছলতা না থাকায় কেউ খবর রাখতেন না সহিতন বেওয়ার।
তাঁর শরীরের এক একটি চিহ্ন যেন বয়ে বেড়াচ্ছে জীবনের সেই দুঃসহ স্মৃতিগুলো, যেখানে কখনোই কেউ পাশে ছিল না। ঘর-সংসারের দায়িত্বগুলো এতদিন তিনি একাই বহন করেছেন। তবে দীর্ঘ সময় ধরে অসহায় জীবন কাটানোর পরও তিনি সরকারের কোনো সাহায্য বা সহায়তা পাননি।
এমন খবর পত্রিকায় প্রকাশের পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় যদুনাথপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা সহকারী কমিশনার ভূমি দ্রুত বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। প্রথমত তাকে বয়স্ক ভাতার কার্ড করে দেয় উপজেলা সমাজসেবা অফিস।
পরে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে একটি নতুন ঘর নির্মাণ ও দুটি ছাগলসহ থাকার জন্য চৌকি-লেপ,তোষক ও অন্যান্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ ও উপজেলা সহকারী কমিশনার সায়েম ইমরান।
এ সময় ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান,সহসভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু, সাংবাদিক পলাশ ইসলাম, স্থানীয় প্রযত্ন’র ব্যবস্থাপক ইকবাল হোসেন জুপিটার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপকারভোগী সহিতন বেওয়া বলেন, ‘আমার স্বামী দীর্ঘ বছর আগে মারা যায়। ছেলেরা বিয়ে করে শুশ্বরবাড়িতে চলে গেছে। আমাকে খাওয়ানোর মতো কোনো লোক না থাকায় ধনবাড়ী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে নিজে চলতাম। অসুস্থতার কারণে আমি আর ভিক্ষা করতে পারছি না।’
তিনি বলেন, ‘আমি মেম্বার, চেয়ারম্যানসহ আওয়ামী লীগের নেতাদের কাছে ঘুরেছি। কেউ কোনো সহযোগিতা করেনি। বর্তমান ড. ইউনূস সরকার উপজেলা থেকে ঘরসহ অনেক কিছু দিয়েছে। নতুন ঘর পেয়ে অনেক খুশি তাই কান্না চলে আসছে।’
স্থানীয় প্রযত্ন’র ব্যবস্থাপক ইকবাল হোসেন জুপিটার বলেন, ‘১০৬ বছর বয়সী মহিলাকে নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সেই সাথে আমি আমার ফেসবুকে পোস্ট করি। তারপরই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। পরে অসহায় বিধবা সহিতন বেওয়ার একটি ঠিকানার ব্যবস্থা করেছে বর্তমান সরকারের প্রশাসন।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘পত্রিকায় সহিতন বেওয়ার খবরটি দেখতে পেয়ে দ্রুত উপজেলা প্রশাসনের সাথে কথা বলে বয়স্কভাতাসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।’
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন, ‘বিষয়টি আমি জানার সাথে সাথেই ইউএনও স্যারের সাথে কথা বলে দুই দিনের মধ্যে ঘর নির্মাণসহ সব সুধিবার ব্যবস্থা করেছি।’
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, ‘বিভিন্ন পত্রিকায় ‘১০৬ বছর বয়সেও ভাতা পাননি সহিতন বেওয়া’ শিরোনামে সংবাদ প্রকাশের পর আমরা দ্রুত তাকে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করেছি। তাকে বয়স্কভাতা, ঘর, ছাগল, চৌকি, লেপ-তোষকের ব্যবস্থা করতে পেরে গর্বিত।’
হাফিজুর রহমান/এমজে

