দক্ষিণ আফ্রিকায় মাইক্রোবাস দুর্ঘটনায় ফেনী দাগনভূঞার যুবক নিহত
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:১৬
ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দাগনভূঞার এক যুবক একরামুল হক (৩৪) নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই শহিদ উল্লাহ।
পারিবারিক সূত্রে জানা যায়, একরামুল শনিবার (৯ আগস্ট) রাতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান। রোববার (১০ আগস্ট) পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে ১৯ জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল আমিন এবং মানিকগঞ্জের নাঈম আহমেদ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। আহত একরামুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত একরামুল ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি ব্যক্তিগত জীবনে, তিন বছরের একটি মেয়ে ও চার মাসের একটি ছেলেসহ দুই সন্তান রেখে গেছেন ।
চাচাতো ভাই শহিদ উল্লাহ জানান, মৃত্যুর খবর পেয়ে নিহতের মা পেয়ারা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন এবং বৃদ্ধ পিতা শোকে দমবন্ধ হয়ে বাকরুদ্ধ রয়েছেন। একরামের লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এম. এমরান পাটোয়ারী/এএ

