দক্ষিণ সুরমায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লালারগাঁওয়ে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিচালকসহ ৪জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আল-হানাবাদ) গ্রামের আনজব উল্লাহর ছেলে রুহুল আমিন (২৬) ও একই উপজেলার ববানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)।
দুজনের মৃত্যুর বিষয়টি বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
নিহত রুহুল আমিনের মামা জানান, শনিবার সন্ধ্যার পর তিনি ও তার ভাগনাসহ এলাকার কয়েকজনের সিলেট মহানগরের কিনব্রিজের দক্ষিণ মুখে দেখা হয়। সেখান থেকে তারা ৫ জন একটি সিএনজি ভাড়া করে জগন্নাথপুর যাওয়ার জন্য রওয়ানা দেন। তাদের গাড়িটি লালারগাঁওয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার ভাগনা রুহুল আমিন ও আব্দুল মুকিত মারা যান। এছাড়া এক নারী ও অটোচালক গুরুতর আহত হয়েছেন।
নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
রেজাউল হক ডালিম/এটিআর

