ঝিনাইদহে বিএনপি নেতার কার্যালয়ে হামলা-ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯
ঝিনাইদহে জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.ইব্রাহীম রহমান বাবুর অফিসে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের গীতাঞ্জলি সড়কে এ ঘটনা ঘটে।
বিএনপিনেতা ইব্রাহীম বাবু বলেন, ‘হামলার সময় অফিসে কেউ ছিল না। কিছু যুবক অফিসের গলিতে ঢুকে হামলা করে। এ সময় তারা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। এমনকি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছবিও ছিঁড়ে ফেলে।’
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশকিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লালন বাজার এলাকায় ডা. ইব্রাহিম রহমান বাবুর কর্মীসভা চলাকালে বিএনপির অপর একটি পক্ষ হামলা চালায়। ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
এম বুরহান উদ্দীন/এটিআর

