চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১৩:১২
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের হাজীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা এবং ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকিলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও সহকারী পরিচালক মো. হান্নান এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানে বাকিলা বাজারের মো. মমিনের গোডাউন থেকে ২ হাজার ৭৩০ কেজি এবং মো. মোস্তফার গোডাউন থেকে ১ হাজার ৮৮১ কেজি পলিথিন জব্দ করা হয়। তাদের দুজন থেকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে। এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করে হাজীগঞ্জ থানাপুলিশ।
বিএইচ/

