Logo

সারাদেশ

হাজীগঞ্জে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০২

অ
হাজীগঞ্জে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে সুমাইয়া আক্তার পায়েল নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার দেশগাঁও গ্রামের মধ্য আটিয়াবাড়ী থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পায়েলের স্বামী নাজাত ভুঁইয়া নিসর্গকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পায়েলের বাবা সাগর হোসেন চৌধুরী জানান, প্রায় দুই বছর আগে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে প্রেমের সম্পর্ক করে পায়েলকে বিয়ে করেন নিসর্গ। এর পর থেকে বিভিন্ন সময় নির্যাতন করতেন তাকে। শনিবার রাতে পায়েলকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন স্বামী নিসর্গ।

স্থানীয়রা জানায়, নিসর্গের বাবা আবদুল মান্নান ও মা জেসমিন আক্তার দেশগাঁও ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। তিন বছর আগে নিসর্গের প্রথম স্ত্রীকেও নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, পায়েলের স্বামী নাজাত ভুঁইয়া নিসর্গ একজন মাদকাসক্ত। মাত্র কয়েকমাস পূর্বে তাকে রিহ্যাব থেকে চিকিৎসা শেষে আনা হয়েছে। তিনি ঢাকা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মূলত মাদকের টাকার জন্য বিভিন্ন সময় তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। 

সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল বলেন, ‘পায়েল মেধাবী শিক্ষার্থী ছিল। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তাকে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে। এলাকাবাসীর পক্ষ থেকে নিসর্গ ও তার পরিবারকে সর্তক করা হয়েছে। তবু মেয়েটিকে বাঁচানো গেল না।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  মহিউদ্দিন ফারুক জানান, নিহত পায়েলের বাবা পায়েলের স্বামী নাজাত ভুঁইয়া নিসর্গ, শশুর, শাশুড়িসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার রাতেই ওই গৃহবধুর স্বামীকে গ্রেপ্তার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলআমিন ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন