চট্টগ্রামে গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা, চাঁদাবাজির অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০২
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিল এলাকায় গ্যারেজ মালিক শাহজাহান মিয়া ওরফে সাজন মিয়াকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, হত্যাকাণ্ডের মূল কারণ চাঁদাবাজি।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে বলাকা আবাসিকের বিপরীতে নিজ গ্যারেজে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি নগরের বাকলিয়া বলাকা আবাসিক এলাকায় ভাড়া থাকতেন এবং ভ্যানগাড়ির একটি গ্যারেজ পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শাহজাহান মিয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহজাহান মিয়াকে হাসপাতালে নিয়ে আসা মো. আকবর জানান, গ্যারেজ মালিকের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু তিনি অস্বীকৃতি জানালে বায়েজিদ, কালামসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এমবি

