আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় নারীর মৃত্যু
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৫
ছবি : প্রতিনিধি
রাজধানীর সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় ক্রাউন সিমেন্টের কোম্পানির কাভার্ডভ্যান চাপায় রোকেয়া আক্তার (৩৭) নামে এক নারী নিহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
নিহত রোকেয়া আক্তার (৩৭) ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ- ১১-৩১১২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিরিবিলি এলাকার কাজী অফিসের সহকারী ফেরদৌস ওরফে ফিরোজ বলেন, ‘সকাল ৯টার দিকে ওই নারী আমাদের কাজী অফিসে আসেন বিয়ের খরচের বিষয়ে আলোচনা করতে। পরে আলোচনা করে বের হয়ে যান। ফেরার সময় তিনি (নিহত নারী) বলেছিলেন, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাহিরে গিয়ে দেখি উনি মারা গেছেন। পরে পুলিশ এসে তার লাশ নিয়ে যায়।’
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ’
হাসান ভুঁইয়া/এমআই

