আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি ও আতশবাজি নিষিদ্ধ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে ডিজে পার্টি ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। তিনি বলেন, ‘এবার আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রশাসন সার্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বজায় রাখবে। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক, পুলিশ ও আনসার বাহিনী দায়িত্ব পালন করবে।’
ইউএনও আরও জানান, ‘এবার পূজামণ্ডপে আতশবাজি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রতিটি মন্দিরে রেজিস্টার রাখতে হবে এবং ডিজে পার্টি সম্পূর্ণ বন্ধ থাকবে।’
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শামসুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।
সভায় পূজার সময় করণীয়-বর্জনীয়, প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গুণীজন ও সুধীজনেরা সভায় অংশ নেন।
রাকিবুল/এআরএস

