Logo

সারাদেশ

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৮

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত এলাহী মোল্যা। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় থানা থেকে মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছেলের নাম এলাহী মোল্যা (১৫)। তিনি ওই এলাকার জহিরুল মোল্যার ছেলে।

মামলা ও এলাকা সূত্রে জানা যায়, গ্রাম্য বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে ওই এলাকার বোরহান মিয়া পক্ষের লোকজনের সঙ্গে জহিরুল মোল্যার বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২৮ আগস্ট বোরহান মিয়ার লোকজন ভ্যানচালক জহিরুল মোল্যার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয় সে। এ ঘটনার তিনদিন পর জহিরুল শেখ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। আলফাডাঙ্গা থানায় মামলা নং- জিআর ৯৬/২৫। বর্তমানে মামলার ২৫ আসামি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। এরপর থেকে মামলা তুলে নিতে আসামি পক্ষের লোকজন বিভিন্ন সময় জহিরুলকে হুমকি দেয়। কিন্তু জহিরুল মামলা তুলে নিতে অস্বীকৃতি জানান। 

একপর্যায়ে বুধবার রাতে বোরহান মিয়ার নেতৃত্বে আসামী পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে জহিরুলের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা জহিরুলকে বাড়িতে না পেয়ে তার কিশোর ছেলে এলাহী মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের বাহু ও কব্জিতে কুপিয়ে মারাত্মক জখম করে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে লোহার রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে নীলাফুলা জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ভুক্তভোগী জহিরুল মোল্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তবুও ভ্যান চালিয়ে অনেক কষ্টে সংসার চালাই। গ্রামের কোনো ঝামেলায় থাকি না। সামাজিকভাবে একটি দলের অন্তর্ভুক্ত। এই অপরাধে গ্রামের অপর পক্ষের লোকজন আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। তারপর আমি থানায় মামলা করি। মামলা তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকি দেয়। গতকাল বুধবার আমাকে বাড়িতে না পেয়ে তারা আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এখন আমি প্রাণভয়ে দিন কাটাচ্ছি।’

এ ঘটনায় ভুক্তভোগী এলাহী মোল্যার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত বোরহান মিয়ার বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

রাকিবুল/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন