বাউফলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় কাঠ মিস্ত্রি স্বপনের ব্যবসা শুরু
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরির প্রকল্পের আওতায় কাঠ মিস্ত্রি স্বপন হাওলাদার (৩৫) সহায়তা পেয়েছেন।
স্বপন ২০০২ সাল থেকে কাঠ মিস্ত্রির কাজ করছেন। দীর্ঘদিন অর্থের অভাবে অন্যের দোকানে কাজ করতে হলেও ফাউন্ডেশনের উদ্যোগে তিনি এক লাখ টাকা সহায়তা পেয়েছেন। পাশাপাশি পরবর্তীতে তার কাজে প্রয়োজনীয় মেশিন কিনে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাউফল পৌর শহরের গোলাবাড়ি ব্রিজের কাছে স্বপনের দোকান উদ্বোধন করা হয়।
স্বপন হাওলাদার বলেন, ‘২০০২ সাল থেকে কাঠ মিস্ত্রির কাজ করছি। নিজের দোকান দেওয়ার মতো অর্থ না থাকায় অন্যের দোকানে কাজ করতে হতো। আজ আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায় স্বপ্ন পূরণ হলো। চেষ্টা করব পরিশ্রম করে দোকান বড় করার এবং পরিবারকে স্বাবলম্বী করার। পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ দেব।’
স্থানীয় বাসিন্দা মশিউর রহমান বসেন বলেন, ‘স্বপনের মতো পরিশ্রমী মানুষরা যদি সহযোগিতা পান, তাহলে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
আস-সুন্নাহ ফাউন্ডেশনের বাউফল প্রতিনিধি হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য দক্ষতাভিত্তিক যুবকদের স্বাবলম্বী করা। স্বপন হাওলাদারকে দেওয়া সহায়তা প্রকল্পের একটি অংশ মাত্র। ভবিষ্যতে আরও অনেক তরুণকে আমরা সহায়তা করব, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’
আরিফুল ইসলাম সাগর/এআরএস

