Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী মামলা থেকে ৩ সাংবাদিকের নাম প্রত্যাহার, ওসির বদলি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮

বৈষম্যবিরোধী মামলা থেকে ৩ সাংবাদিকের নাম প্রত্যাহার, ওসির বদলি

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও মারধরের অভিযোগে সোনাগাজীর তিন সাংবাদিককে জড়ানো মামলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনভর নানা নাটকীয়তার পর বাদী তিন সাংবাদিকের নামসহ অভিযোগ প্রত্যাহার করেছেন।

অভিযোগকারী এনায়েত উল্যাহ জানান, সাংবাদিকদের নাম প্রত্যাহারের জন্য আপাতত অভিযোগ প্রত্যাহার করা হলেও, আগামী রবিবার বাকী আসামিদের বিরুদ্ধে আদালতে পূর্ণ অভিযোগ উত্থাপন করা হবে।

এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন্দের নামে পক্ষে-বিপক্ষে প্রচারণার অভিযোগে তাকে সোনাগাজী মডেল থানা থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা শাখায় বদলি করা হয়েছে। এর পূর্বে, সাংবাদিকসহ ১০৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে মহিপালে গুলিবিদ্ধ এনায়েত উল্যাহ নামে এক দিনমজুর। তার বাড়ি সোনাগাজী সদর ইউনিয়নের।

এ ঘটনায় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবীণ সাংবাদিক শাহাদাত হোসেন ও দৈনিক ফেনীর সম্পাদক রেজবির নেতৃত্বে সাংবাদিকরা বৃহস্পতিবার ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ উপস্থাপন করেন। 

তারা জানান, সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন্দের এই মামলায় সম্পৃক্ততা রয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। দুই ঘণ্টার মধ্যে পুলিশ সুপার ওসিকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা শাখায় বদলির চিঠি ইস্যু করেন। নতুন ওসি হিসেবে নোয়াখালীর সাইফুল ইসলামকে পদায়ন করা হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে অন্যান্য বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগে উল্লেখ করা হয়েছিল, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতার বিক্ষোভে আসামিদের নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বাদীসহ অনেকে গুলিবিদ্ধ হন এবং ৯ জন নিহত ও দুই শতাধিক ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় স্থানীয়ভাবে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়। পেশায় শ্রমিক হওয়ায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়া ও পরিবারের খরচ বহনসহ নানা কারণে মামলা করতে বিলম্ব হয়েছে, যা এজাহারে উল্লেখ করা হয়।

সাংবাদিক মো. শফি উল্লাহ রিপন বলেন, সম্প্রতি সোনাগাজী থানার সালিশ, বাণিজ্য, চুরি ও ডাকাতি বিষয়ক তার কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এতে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে তাকে এই মামলায় যুক্ত করেছে বলে তিনি মনে করেন।

  • এম. এমরান পাটোয়ারী/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন