Logo

সারাদেশ

পারিবারিক বিরোধে গৃহবধূর আঙুল ছিঁড়ে নিল জা

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯

পারিবারিক বিরোধে গৃহবধূর আঙুল ছিঁড়ে নিল জা

পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধে গৃহবধূর আঙুল ছিঁড়ে নিল জা। ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে শাবনুর আক্তার (২৫) নামে এক গৃহবধূর হাতের আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের জয়বাংলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাবনুর মৃত খালেক হাওলাদারের ছেলে আল-আমীনের স্ত্রী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, খালেক হাওলাদারের তিন ছেলে ইউনুস, খোকন ও আল-আমীন একই বাড়িতে থাকেন। রান্নাঘর ব্যবহার নিয়ে এদিন আল-আমীনের স্ত্রী শাবনুর আক্তার ও বড় জা ইউনুসের স্ত্রী রুমা বেগমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রুমা বেগম বটি দিয়ে শাবনুরের মাথায় আঘাত করেন। এ সময় শাবনুর আত্মরক্ষার চেষ্টা করলে রুমা তার বাম হাতের অনামিকা আঙুল কামড়ে ছিঁড়ে ফেলেন।

শ্বাশুরী নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, আমার চোখের সামনেই বড় বউ ছোট বউকে কোপ দেয় এবং আঙুল কামড়ে নেয়। আমি কিছুই করতে পারিনি।

তবে অভিযুক্ত রুমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে ঠিকই। তবে কে কীভাবে আহত হলো আমি জানি না।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাশরাফুল ইসলাম সৈকত জানান, শাবনুরের মাথায় আঘাত রয়েছে। তার বাম হাতের আঙুলের কিছু অংশ ছিঁড়ে গেছে, যা পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম সাগর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন