দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় তারেক রহমানের শুভেচ্ছা উপহার
বাংলাদেশের প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা-৬ আসনের ১২৯টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর বাদুরতলা ধর্মসাগরপাড়ে দলীয় কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।
এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম চৌধুরী, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সঞ্জিত দেবনাথ। পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দও এসময় বক্তব্য দেন।
প্রধান অতিথি হাজী আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক, সেটিই কাম্য। তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য, তাই কোনো উসকানি বা বিভ্রান্তি এড়িয়ে সবাইকে মিলেমিশে উৎসব পালন করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ নিয়মিত যোগাযোগ রাখবেন।
মতবিনিময় সভা শেষে তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়। সভায় অংশগ্রহণকারী পূজা কমিটির নেতারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনোয়ার হোসাইন/এইচকে

