Logo

সারাদেশ

‘ওলামা দলকে দিয়ে জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে হবে’

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৮

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫

‘ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে হবে’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সামনে নির্বাচন হবে। সেখানে ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে হবে। তাদের অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে। মসজিদে তারা মিটিং করে, মিথ্যা প্রচার করে। তাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। মসজিদে যদি জামায়াতে ইসলামী কোনো মিটিং করে, তাহলে ওলামা দলের নেতাকর্মীদের দিয়ে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর। এতে সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্যসচিব নুরুজ্জামান খসরু, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আবু সাঈদ ও ইমদাদুল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে মাওলানা ওসমান গণিকে সভাপতি ও সৈয়দ মনিকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা করেন জেলা ওলামা দলের নেতৃবৃন্দ।

এসডি/এমবি/এইচআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন