ছবি : বাংলাদেশের খবর
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৫ উপলক্ষ্যে ফেনী শহরে আনন্দমুখর শান্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত থেকে বেলুন উড়িয়ে পদযাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। পদযাত্রার আয়োজন পরিচালনা করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)।
পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নারী নেত্রী নুর তানজিলা রহমান, মাওলানা আরফান উদ্দিন, পুরোহিত নারায়ন চক্রবর্তী, ফেনী ব্যাপ্টিস্ট চাষ্ট সভাপতি দিলু সরকার, বৌদ্ধধর্মের গুরু প্রীতিময় ভিক্ষুসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, শিক্ষাব্যবস্থা, পেশাজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পদযাত্রায় অংশ নেন। তাদের মধ্যে ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মলয় কান্তি সাহা, স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মো: বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান মেহেবুব, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, জেলা মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজি, এনসিপির সংগঠক শাহওয়ালী উল্যাহ মানিকসহ বহু নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ইতিহাস শান্তি ও সম্প্রীতির। দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রে বসবাস করছে। সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিতভাবে কাজ করতে হবে এবং নাগরিক দায়িত্ব ও অধিকার সবাইকে পালনের মাধ্যমে এগিয়ে আসতে হবে।’
মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘ফেনীকে একসময় সন্ত্রাসের জনপদ বলা হতো। আমরা সত্যিকার অর্থে একটি শান্তির জনপদ গড়ে তোলার জন্য সকলকে নিয়ে কাজ করছি।’
এমরান পাটোয়ারী/এআরএস

