ছবি : বাংলাদেশের খবর
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিন রোগীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের মহিমা (২৬), বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের হাসান (২৫) এবং একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫)।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বরিশাল বিভাগের ছয় জেলায় ডেঙ্গুতে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেবাচিমে মারা গেছেন ১৬ জন, বরগুনায় ১১ জন এবং পটুয়াখালীতে একজন।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশের খবরকে এই তথ্য নিশ্চিত করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শেবাচিমে তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ১৬৫ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ছয় জেলার সরকারি হাসপাতালে ৩৭৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বরিশালে ১০৪, পটুয়াখালীতে ৯৭, পিরোজপুরে ২১, বরগুনায় ১১৭ এবং ঝালকাঠিতে ১৮ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দুই মেডিকেল কলেজসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৭৫ রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৩ জন।
এআরএস

