বাউফল সরকারি কলেজে প্রাচীর নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের ঐতিহাসিক খেলার মাঠ দখলের চেষ্টা ও প্রাচীর নির্মাণকাজে বাধার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষার্থে প্রাচীর নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তাদের চাহিদার ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)-কে আবেদন পাঠায় এবং বরাদ্দ মঞ্জুর হলে কাজ শুরু হয়।
তবে অভিযোগ, এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া পান্নু, তার ভাই নান্নু ও পৌর যুবলীগ সভাপতি মামুন খান (প্রেট্রোল মামুন) কলেজ অধ্যক্ষ, ইইডি ও ঠিকাদারের বিরুদ্ধে আদালতে মামলা করেন। শিক্ষার্থীদের মতে, এ নেতারা কলেজ মাঠ দখলের চেষ্টা করছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, ‘আমরা দ্রুত প্রাচীর নির্মাণ সম্পন্ন করার দাবি জানাই। যারা বারবার বাধা সৃষ্টি করছে ও মাঠ দখলের চেষ্টা করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’
অভিযোগের বিষয়ে বাউফল পৌর যুবলীগ সভাপতি মামুন খান বলেন, ‘কলেজের জমি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ৪৭৭ খতিয়ানের ২৭২ দাগের জমির মোট আয়তন ১ একর ১০ শতাংশ। এর মধ্যে কলেজ পাবে ৭০ শতাংশ, বাকিটা আমাদের। এজন্য আমরা কোর্টে মামলা করেছি। অথচ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার তালুকদার জানান, ‘সরকার থেকে প্রাচীর নির্মাণের বরাদ্দ এসেছে। কাজ শুরু হওয়ার পর অন্য পক্ষ জমির মালিক দাবি করে মামলা করেছে। আমাদের নথি অনুযায়ী জমির ৭০ শতাংশ কলেজের নামে, তবে এখনও বাটোয়ারার কাজ হয়নি, তাই বিরোধ সৃষ্টি হয়েছে।’
আরিফুল ইসলাম সাগর/এআরএস

