বগুড়ায় ১৯০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুরে পুকুর থেকে প্রায় ১৯০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব-১২। এ সময় মূর্তিটি বিক্রির চেষ্টার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামে এই ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে দশটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন ওই পুকুরটির লিজগ্রহীতা আবুল বাশার রুবেল (৫৫) ও মূর্তি বিক্রিতে সহায়তাকারী আল আমিন (৪৮)। রুবেল শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া ফরেস্টগেট এলাকার বাসিন্দা এবং আল আমিন সিরাজগঞ্জ সদরের বাসিন্দা।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে পুকুর সংস্কারের সময় মূর্তিটি পাওয়া যায় বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই লিজগ্রহীতা রুবেল গোপনে মূর্তিটি বিক্রির চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে র্যাব-১২ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুকুরের পাড়ে মাছের খাদ্য মজুত রাখার একটি মেশিন ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক ওজন ১৯০ কেজি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুয়েল হাসান/এএ

