টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন, কর্মকর্তা ও ফায়ার ফাইটারসহ আহত ৪
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৭
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি সেমি-পাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টা ২৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নি নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের তিনজন ফায়ার ফাইটার এবং একজন অফিসার গুরুতর আহত হন। আহতদের মধ্যে অফিসার জান্নাতুল নাঈমসহ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়েছে। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসীম বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান এবং অফিসার জান্নাতুল নাঈম। তিনি আরও জানান, গোডাউনে দাহ্য কেমিক্যাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ’
এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আগুনের সঠিক সূত্রপাত এখনো জানা যায়নি; তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

