Logo

সারাদেশ

কুমিল্লা-২ আসনে চমক দেখাতে পারেন মনোয়ার সরকার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৫

কুমিল্লা-২ আসনে চমক দেখাতে পারেন মনোয়ার সরকার

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রবীণ নেতা এম কে আনোয়ারের মৃত্যুর পর নেতৃত্ব সংকট দেখা দিলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস-প্রেসিডেন্ট মনোয়ার সরকার সক্রিয় হয়ে উঠেছেন। স্থানীয়ভাবে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি আসনের রাজনীতিতে আলোচনায় আসছেন।

মনোয়ার সরকার গত এক বছরে এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে রয়েছে— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও আলোচনা সভা, ৫ আগস্ট আওয়ামী সরকারের বিদায়ের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় র‍্যালিতে নেতৃত্ব দেওয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল আয়োজন, রমজানে ইফতার ও দোয়া অনুষ্ঠান এবং তীব্র শীতে ৫ হাজার কম্বল বিতরণ। 


এ ছাড়া করোনা মহামারি ও সাম্প্রতিক বন্যায় সহায়তা প্রদান, স্থানীয় মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি অংশ নিয়েছেন। প্রবাসে থেকেও রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার দাবি করেছেন তিনি।

স্থানীয় বিএনপি সমর্থকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে একাধিক ব্যক্তি মাঠে নামলেও মনোয়ার সরকারের কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তাকে ইতিবাচকভাবে উপস্থাপন করছে। 

মনোয়ার সরকার ইতালির ভেনিসের একটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যবসা ও পর্যটনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ও পলিটিক্স বিষয়ে পিএইচডি করছেন। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯১ সালে ঢাকা মহানগর ছাত্রদলের ৬৮ নম্বর ওয়ার্ড শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে। বর্তমানে তিনি যুক্তরাজ্য জিয়া পরিষদের সহ-সভাপতি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোয়ার সরকার বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে দেশে-বিদেশে সক্রিয় থেকেছি। হোমনা-তিতাসের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’ 

এমডিএ/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন