বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : খন্দকার নাসিরুল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১
ছবি : বাংলাদেশের খবর
বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’— এই স্লোগানকে সামনে রেখে বুড়াইচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন জনসভার আয়োজন করে।
বুড়াইচ ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদের সভাপতিত্বে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা বাড়ির মহিলাদের নামে ইস্যু করা হবে। নারীর মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে এটি হবে একটি যুগান্তকারী উদ্যোগ। পাশাপাশি স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ডও প্রদান করা হবে। এ তিনটি কার্ড বিশেষ সুবিধার পাশাপাশি আরও নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে তিনি জানান।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর ও বুড়াইচ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন প্রমুখ।

