Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে দুর্ঘটনা ও পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০০

নারায়ণগঞ্জে দুর্ঘটনা ও পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনা ও পৃথক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও এক শিশু নিহত হয়েছেন। এছাড়া ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে এক ব্যক্তির লাশ এবং বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বেপরোয়া গতিতে চালানো ইজিবাইকের ধাক্কায় আব্দুল্লাহ (৪) নামে এক শিশু নিহত হয়। চালক মো. সাগর (৩০) ইজিবাইক চালানোর সময় শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতো ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায়।

অপরদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট সড়কে মোটরসাইকেল রেসের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হন। এ সময় আরও দুজন আহত হন। নিহতরা হলেন—রাজধানীর ইব্রাহিমপুরের জসীমউদ্দিনের ছেলে দীপ ও মাটিকাটার সেকান্দারের ছেলে সুমন। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে রাব্বি নামের একজন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এছাড়া বুধবার দুপুরে ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত ইদ্রিস শরীয়তপুর জেলার চরজিনকিং গ্রামের মৃত সিদ্দিক আলী ব্যাপারীর ছেলে। তিন দিন আগে নৌকা চালানোর সময় নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

একই দিন বেলা ১২টার দিকে ফতুল্লার হাজীগঞ্জ এলাকার একটি ভাড়া বাসা থেকে ঋতু আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা অভিযোগ করেন, মেয়েকে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। তবে ফতুল্লা থানার এসআই সঞ্জীব জোয়াদ্দার বলেন, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ইমতিয়াজ আহমদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন