পৈত্রিক জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন চলা বিরোধের জের ধরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী কবির বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দেন বড় ভাই হারুন বিশ্বাস ও তার দুই ছেলে চঞ্চল বিশ্বাস ও আরিফুল বিশ্বাসের বিরুদ্ধে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার রুদ্রবানা গ্রামে হামলার ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্রবানা গ্রামের মৃত হবিবর বিশ্বাসের আট ছেলে। পিতার জমি নিয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালতেও জমিজমা সংক্রান্ত মামলা চলমান রয়েছে। বুধবার সকালে ফরিদপুর আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বিকেল ৩টায় বড় ভাই হারুন বিশ্বাস ও তার দুই ছেলে কবির বিশ্বাসের ওপর অতর্কিতভাবে হামলা চালান। তারা দেশীয় অস্ত্র রামদা দিয়ে কবিরের মাথা ও পিঠে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে কবির বিশ্বাস সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত হারুন বিশ্বাসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

