Logo

সারাদেশ

পৃথিবীর ৯১ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু আছে : অধ্যাপক ইলিয়াস

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯

পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু আছে বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গায় জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন।

সমাবেশে অধ্যাপক ইলিয়াস মোল্যা বলেন, ‘বাংলাদেশে যেসব ছোট ছোট দল আছে তারাও দেশের কল্যাণ চিন্তা করে। পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু আছে। দেশের বেশিরভাগ রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে। তাই এতদিন যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে তা পরিবর্তন করতে হবে। সরকারের কাছে আমাদের জোর দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’

এর আগে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, পৌর শাখার আমির ওয়াহিদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, পৌর শাখার সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাবেদ হোসেন প্রমুখ।

এমবি /এমএমআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন