Logo

সারাদেশ

বাউফলে মাছ ধরতে পানিতে বিষ প্রয়োগ, ৯ মহিষের মৃত্যু

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩

বাউফলে মাছ ধরতে পানিতে বিষ প্রয়োগ, ৯ মহিষের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের চরাঞ্চলে বিষক্রিয়ায় ৯টি মহিষ মারা গেছে এবং আরও ৬টি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অসাধু জেলেরা মাছ শিকারের জন্য জলাশয়ে বিষ প্রয়োগ করায় এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও রঘুনাথদ্দী চর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আব্দুর রশিদ হাওলাদারের ২টি, সাহেবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি এবং মো. মাসুদের ৩টি ছিল। তারা গত দেড় মাস ধরে বরিশালের বিভিন্ন এলাকা থেকে মোট ৮০টি মহিষ নিয়ে চরাঞ্চলে লালন পালন করছিলেন। রাখালদের মতে, মারা যাওয়া মহিষগুলোর বাজারমূল্য প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা।

মহিষের মালিক মো. মাসুদ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে গোপালিয়া চরে ঘাস খাওয়ানোর পর মহিষগুলো একে একে অসুস্থ হয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ৯টি মারা যায় এবং আরও ৬টি এখনও অসুস্থ রয়েছে। মারা যাওয়া মহিষগুলোর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।’

স্থানীয় হান্নান হাওলাদার জানান, ‘কিছু জেলে দীর্ঘদিন ধরে চরাঞ্চলে জাল পেতে মাছ ধরছে। তারা দ্রুত মাছ শিকারের জন্য পানিতে বিষ প্রয়োগ করে। ধারণা করা হচ্ছে, সেই বিষাক্ত ঘাস খেয়ে মহিষগুলো মারা গেছে।’

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আরিফুল ইসলাম সাগর/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন