ফেনীতে হিন্দু সম্প্রদায়ের উৎসব উদযাপন হবে নির্বিঘ্ন : মুফতি আবদুল হান্নান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭
ছবি : বাংলাদেশের খবর
হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী শহরের বিভিন্ন মন্দিরে বৃহস্পতিবার ও শুক্রবার আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার হিরালাল চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারী এড. জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ.ন.ম. আব্দুর রহীম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সমির কর।
বক্তব্যকালে প্রধান অতিথি মুফতি আবদুল হান্নান বলেন, ‘নবী মুহাম্মদ (সাঃ) এর সময়ে মক্কা ও মদিনায় সকল ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় কর্ম সম্পাদনের সুযোগ পেয়েছে। ফেনীর হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের দূর্গাপূজা সুন্দরভাবে, নির্ভয়ে ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।’
এআরএস

