সীতাকুণ্ডে ৭১ পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ডে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎসবের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এবার উপজেলার ৭১টি পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, মন্ডপ পাহারায় সার্বক্ষণিকভাবে ৪০৮ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত তদারকিতে থাকবেন। প্রতিটি ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসারদেরও দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে, যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর ৬ষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যেই মহালয়ার মাধ্যমে প্রতিমা স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি মন্ডপ সাজানো হয়েছে নান্দনিক আলোকসজ্জায়। ইউনিয়নভিত্তিক পূজা উদযাপন কমিটির সদস্যরা প্রতিমার তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাশ্রী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস

